‘প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অপমানিত হয়েই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’
অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার ঘটনা যেন এখন আর নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন একাধিক ম্যাচ হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টও শেষ হয়েছে মাত্র দুই দিনে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের এই টেস্টে দুই দল মিলে মাত্র ৭৫০ বল খেলেছে। টেস্ট ক্রিকেটে বলের হিসেবে এটি চতুর্থ সর্বনিম্ন। আর এমন পিচ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল কিংবা গণমাধ্যমে তেমন কোনো সমালোচনা না থাকলেও ভারতীয় উপমহাদেশে তিন দিনে টেস্ট শেষ হলেই পিচ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এই দ্বিমুখী মানসিকতা নিয়েই নিজের কলামে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।