আগামী ২৮ আগষ্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ৩১ আগষ্ট।
নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। গ্রুপে বাংলাদেশকে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর একই মাঠে ম্যাচটা হবে রাত সাড়ে টায়। একই সময়ে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে হংকং এবং থাইল্যান্ডকে।
২৮ আগষ্ট থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে ৫ সেপ্টেম্বর। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।
নারী এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৩১ আগষ্ট | বাংলাদেশ-ইন্দোনেশিয়া | দুবাই |
| ৬ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | দুবাই |
| ৮ সেপ্টেম্বর | বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত | দুবাই |
*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়