মদ্যপান ও নারীঘটিত কারণে ফেরত পাঠানো হলো বিশ্বকাপ খেলা ক্রিকেটারকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ
মোহম্মদ জোহাইব, ফাইল ফটো
মোহম্মদ জোহাইব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে মাঠের ক্রিকেটের বাইরে ঝামেলায় জড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহম্মদ জোহাইব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সরিয়ে দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা আমিরাতের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও তার আগেই এই ঘটনায় অস্বস্তিতে পড়ে দলটি। বিশ্বকাপ চলাকালেই জোহাইবকে দুবাই ফেরত পাঠানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে জানা গেছে।

জোহাইব পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। তবে কিছু মহল থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানি পরিচয়ের কারণেই তাকে দেশে পাঠানো হয়েছে। বোর্ড-সংশ্লিষ্ট সূত্রগুলো অবশ্য এ দাবিকে নাকচ করেছে।

কারণ হিসেবে বলা হচ্ছে, আমিরাত দলে আরও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত সদস্য রয়েছেন। দলের অধিনায়ক মোহম্মাদ ওয়াসিম নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। বোলিং কোচ হিসেবে আছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফাত, যিনি পাকিস্তানের হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাদের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে তাদের সঙ্গে আছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও কানাডা। শক্তিশালী দলগুলোর কারণে এই গ্রুপকে কঠিন গ্রুপ হিসেবেই দেখা হচ্ছে। তার আগেই দলের ভেতরের এই বিতর্ক আমিরাতের প্রস্তুতিতে বাড়তি চাপ তৈরি করেছে।